ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

ঈশ্বরদীতে বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জয় বাংলা স্লোগান দিয়েছেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। স্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈশ্বরদী উপজেলার ভারতে উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল ৯টার দিকে আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যান একদল বীর মুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস উপলক্ষে ‘জয় বাংলা’সহ নানান স্লোগান দেন। স্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেন। তিনি বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারেন। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান না। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এ স্লোগান মহান মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাছাড়া আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়েছি, জয় বঙ্গবন্ধু তো বলিনি। স্লোগান দেওয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিজয়স্তম্ভে জয় বাংলা স্লোগানের বিষয়টি শুনেছি। এ নিয়ে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram