

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলার মনু বেপারির ঢালে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ উপলক্ষে তারা মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
