

সাইফুল ইসলাম রাব্বি, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের সাংগর গ্রামের গৃহবধূ রেহেনা বেগম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার সকালে রাজাপুর থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে রেহেনা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা অভিযুক্ত স্বামী আরিফ খলিফাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেহেতু ঘটনাটি ঢাকায় ঘটেছে, তাই সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসায় রেহেনা বেগমকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে স্বামী আরিফ খলিফা পলাতক রয়েছে।
