

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং নবীনগর মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি অনির্বাণে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল শহীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তার/ কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ কর্তৃক আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
