

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মাজার জেয়ারত করে আনুষ্ঠানিক দলীয় প্রচার কার্যক্রম শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী ৷
শুক্রবার (১২ ডিসেম্বর) রাঙ্গুনিয়ার সুলতান উদ্দিন বাচাবাবা (রহ:) এর মাজার জেয়ারত করে এই কার্যক্রম শুরু করেন তিনি। এর আগে মাজার সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং সেখানে দাড়িয়ে উপস্থিত মুসল্লীদের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমাম কাদের চৌধুরী বলেন, "১৭ বছর আন্দোলনের পর বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। নির্বাচনের সব বিধিনিষেধ সম্মানের সাথে পালন করতে হবে। এতে প্রমাণ হবে, বাংলাদেশ সেই পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে সড়ে এসেছে।"
তিনি বলেন, "আমাদের নির্বাচনী কার্যক্রম আজকে থেকে শুরু হলো। আজকে থেকে মোটরসাইকেল শোডাউন বড় বড় ব্যানার পোস্টার করবেন না। কারণ এটি নতুন রাজনীতির রেওয়াজ হয়ে দাঁড়াবে।আপনারা বাড়ি বাড়ি যাবেন, মা-বোনদেরকে আমাদের দলের কথা বলবেন, তাদের থেকে দোয়া চাইবেন। মানুষ যেন কোনভাবে কষ্ট না পায়, আমাদের ব্যবহার যেনো আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভদ্র মানুষের দল। এটি প্রতি বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। বাড়ি বাড়ি আমার সালাম পৌছাবেন। আশাকরি আমাদের শক্তি আপনারা হয়ে দাড়াবেন।"
বাচাবাবার মাজার জেয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, "আমার মরহুম দাদা ফজলুল কাদের চৌধুরী নির্বাচনী প্রচারণা এই মাজার থেকে শুরু করেছেন, আমার বাবাও এই মাজার থেকে শুরু করতেন। তাই এটি আমাদের পারিবারিক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে৷" দলীয় জোটের ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন বলে জানান তিনি।
এদিকে রাঙ্গুনিয়া পৌরসভা ও পোমরা ইউনিয়ন সীমান্তে অবস্থিত বাচাবার মাজার জেয়ারতে হুমাম কাদের চৌধুরীর আগমন ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীরা ভীড় করেন। তাকে দেখতে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষও আসেন। এসময় সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া প্রার্থনা করেন হুমাম কাদের চৌধুরী। এখন থেকে ঘন ঘন দেখা হবে বলে নেতৃবৃন্দ ও উপস্থিত জনতাকে নির্বাচনী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।

