ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪ টার দিকে মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- আই.ইউ.বি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউ'র শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। তাদের এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ওই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী। নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে ও ইরাম হৃদয়ের বাসা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের পর গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে তাদের বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাহসিন কে পরিক্ষা নিরীক্ষার পর ভোর পৌনে ৫ টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫ টার দিকে অপর শিক্ষার্থী ইরাম হৃদয়ের মৃত্যু হয়। তাদের মৃতদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এ বিষয়ে উদ্ধারকারী ও নিহতদের বন্ধু ছোট ভাই তাওসিফ বলেন, সিয়াম নামে তাদের এলাকার এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন তাওসিফসহ কয়েকজন বন্ধু। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ডেমরার ধার্মিক পাড়া মিনি কক্সবাজার রোডে বন্ধুরা মিলে চা খাচ্ছিলেন। হঠাৎ তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটর সাইকেলযোগে কিছু দুর যেতেই দুর্ঘটনার শব্দ পাই। তখন বন্ধুরা এগিয়ে গিয়ে দেখেন ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেল এবং আরোহী দু'জন ছিটকে পড়ে আছে। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বন্ধুদের অভিযোগ, তারা ওই এলাকার বাসিন্দা। আর মিনি কক্সবাজার রোডে চলাচল করা ডিএসসিসির ময়লার গাড়ির অধিকাংশ চালকরাই মাদকাসক্ত। আর মাদক সেবনরত অবস্থায় চালকরা রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। কোন নিয়ম-নীতির তোয়াক্কাও করেনা ময়ালার গাড়ির চালকেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram