

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেইসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে মো. সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার গভীর রাতে জেলা পুলিশের সাইবার টিমের সহায়তায় ডিবি সদস্যরা তিতাস উপজেলার বলরামপুর গ্রামে ইয়াকুবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ইয়াকুব পার্শ্ববর্তী বাড়ির মেহনিকা নামের এক নারীর ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের ভুয়া আইডি থেকে বার্তা পাঠিয়ে তার স্বামীর ফেইসবুক–মেসেঞ্জার চেক করতে বলে। পরে ভিকটিম মেহনিকা দেখেন, একটি অজ্ঞাত আইডি থেকে তার সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একইভাবে ইমুতেও পাঠানো হয় একই ধরনের কনটেন্ট।
প্রতারকরা এসব ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। এমনকি একটি গ্রুপ তৈরি করে স্থানীয় কয়েকজনকে যুক্ত করে সেখানে ছবি–ভিডিও পাঠিয়ে ভিকটিমকে মানহানির ভয় দেখানো হয়। পরবর্তীতে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একই কায়দায় হুমকি ও ছবি–ভিডিও পাঠানো হয়। টাকা নেওয়ার জন্য 1Xbet অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও পাঠায় প্রতারকচক্র।
পরে মেটা ও সাইবার প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করে প্রতারক সোহানুর রহমান ওরফে ইয়াকুবকে শনাক্ত করা হয়। ১০ ডিসেম্বর ভোরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সঞ্জয় সিকদার বলেন, “ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তকে সনাক্ত করে আটক করা হয়েছে। পর্নোগ্রাফি আইনসহ সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
