

সাইফুল ইসলাম রাব্বি, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা জুড়ে পোস্টার ও ব্যানারের ছড়াছড়িতে এক ধরনের ভিজ্যুয়াল দূষণের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশ, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি–বেসরকারি স্থাপনা, বিদ্যুৎ খুঁটি, দেয়াল ও গাছ পর্যন্ত ছেয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত প্রচারণার পোস্টার–ব্যানারে। আইন অমান্য ও সৌন্দর্য নষ্ট হওয়া সত্ত্বেও এসব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন।
সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি, দলীয় সভা-সমাবেশ ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। তবে নির্দিষ্ট নিয়ম-কানুন ও অনুমতি ছাড়াই পোস্টার লাগানোর ফলে উপজেলার সৌন্দর্য নষ্টের পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে পোস্টার লাগানোয় রাজাপুর উপজেলা একটি বিশৃঙ্খল চেহারা ধারণ করছে। অনেক গুরুত্বপূর্ণ সাইনবোর্ড ও দিকনির্দেশনামূলক চিহ্ন পোস্টারে ঢাকা পড়ে থাকায় পথচারীদের বিভ্রান্তির সম্মুখীন হতে হচ্ছে।
একাধিক সচেতন নাগরিক বলেন, রাজাপুর একটি শান্ত ও ঐতিহ্যবাহী উপজেলা। কিন্তু নিয়ম না মেনে যত্রতত্র পোস্টার লাগানোর কারণে এর সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।
এদিকে পরিবেশবিদরা বলছেন, পোস্টার ও ব্যানারের কাগজ এবং প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ। পরিকল্পিত ও নির্দিষ্ট স্থান নির্ধারণের মাধ্যমে প্রচারণা চালানো হলে পরিবেশ ও সৌন্দর্য দুটোই রক্ষা পাবে।
সচেতন মহলের প্রত্যাশা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন দায়িত্বশীল আচরণ করবে এবং প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত উদ্যোগে রাজাপুরকে আবারও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

