ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

১১ মাস পর মিরান হত্যার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেপ্তার

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে মিরান খান (৩৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতারকৃত মো. তন্ময় শেখ (৩০) হত্যাকাণ্ডের দীর্ঘ প্রায় ১১ মাস পর ধরা পড়লেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জয়নালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত তন্ময় শেখ কোতোয়ালি থানার পূর্ব আলিয়াবাদ গ্রামের ওমর শেখের ছেলে।

র‍্যাব জানায়, ব্যবসায়িক বিরোধের জেরে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে আসামি তন্ময় শেখ ও তার সহযোগীরা কৌশলে ভিকটিম মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে ডেকে নেয়। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিরানের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

ঘটনার একপর্যায়ে ভিকটিম মাটিতে পড়ে গেলে আসামি তন্ময় শেখ তার বুকের ওপর চড়ে বসেন। এরপর হাতে থাকা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে ভিকটিমের দুই চোখ উপড়ে ফেলেন। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা মিরানকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় স্থানীয় একটি মসজিদের মাঠে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা খবর পেয়ে মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ১৪) দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহায়তা চান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মামলার প্রধান আসামি তন্ময়কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

রাতে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram