

নরসিংদী প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠু-শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সাংবাদিকরা তাদের দায়িত্ব ভালভাবে করে যাচ্ছে বলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতোটা উন্নতি। সব সময় সঠিক সংবাদ পরিবেশন করলেই দেশবাসী লাভবান হয়। পার্শবর্তী দেশের সাংবাদিকতায় চুন-কালি দিয়ে সঠিক সংবাদ তুলে ধরে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল না হলে উন্নতি করা সম্ভব নয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে আরো হবে, চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু-শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় এজন্য সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি। আগামী নির্বাচনে ভোটার-প্রার্থীর পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
তিনি বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে সকালে নরসিংদীর পুলিশ লাইনস, জেলা কারাগারসহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
