

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে রিনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী সাইফুল ইসলাম (৫৩)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে একটি স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হস্তান্তরসহ সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

