ঢাকা
logo
প্রকাশিত : December 9, 2025

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। নড়াইলের মুক্তিপাগল দামাল ছেলেরা ১৯৭১ সালের এ দিনে বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে। শত্রু মুক্ত হয় নড়াইল।

জানা যায়, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার ডাকে সাড়া দিয়ে দেশের অন্যান্য জায়গার মত নড়াইলবাসী উদ্বুদ্ধ হয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। স্বাধীনতাকামী ছাত্র-জনতা পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করার শপথ গ্রহণ করে। ওই সময় নড়াইলের এসডিও’র বাসভবনকে মুক্তিযুদ্ধের স্থানীয় সদর দপ্তর করা হয়েছিল। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তৎকালীন নড়াইলের এসডিও কামাল উদ্দিন সিদ্দিকী লোহাগড়া হাইস্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও নড়াইলের সংগঠিত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশাল বাহিনী গঠন করেন। এরপর সুসজ্জিত বাহিনী যশোর অভিমুখে পাঠিয়ে দেন।

৬ এপ্রিল সকালে পাকিস্তানী হানাদার বাহিনী দু’টি জেট বিমান হতে নড়াইল শহরের ওপর ব্যাপক গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে ব্যাপক ক্ষতি হয়। নড়াইল শহর জনমানব শূন্য হয়ে পড়ে। ১৩ এপ্রিল হানাদার বাহিনীর একটি দল নড়াইল শহরের চৌরাস্তায় রেস্টুরেন্ট মালিক মন্টুকে গুলি করে আহত করে। এদিকে লোহাগড়ার ইতনা ও আড়িয়ারায় মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ শিবির খোলার কারণে মধুমতি-নবগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ভাটিয়াপাড়াস্থ ক্যাম্প হতে পাক হানাদার বাহিনী ২৩ মে গানবোট যোগে ইতনা গ্রামে ঢুকে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। ইতনা গ্রামের ৫৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।

বীর মুক্তিযোদ্ধা সেলিমুজ্জামান জানান, মুক্তিকামী হাজার হাজার মানুষের অংশগ্রহণে নড়াইলে মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে ওঠে। বিভিন্ন অঞ্চলে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। শুধুমাত্র নড়াইল চিত্রা নদীর পাড়ে প্রায় ৩ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি ছোট জেলা নড়াইল। মুক্তিযুদ্ধকালীন সময়ে নড়াইল জেলা ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল। সেক্টর কমান্ডার ছিলেন ওসমান চৌধুরী এবং পরে মনজুর আহমেদ। চিত্রার পাড় থেকে শুরু করে বিভিন্ন স্থানে নানা পর্যায়ে মুক্তিবাহিনী ও পাকিস্তানী বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। ডিসেম্বরে ৯ ও ১০ তারিখ দু’পর্যায়ে যুদ্ধ সংগঠিত হয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল জেলা হানাদার মুক্ত হয়।

মহান মুক্তিযুদ্ধে নড়াইল জেলার অবদান রয়েছে বিশেষভাবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধার অংশগ্রহন নড়াইল থেকে। এ জন্য মুক্তিযোদ্ধা-অধ্যুষিত জেলা বলা হয় নড়াইলকে। সাতজন বীরশ্রেষ্ঠের একজন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। যিনি নড়াইলের কৃতী সন্তান। তিনি নড়াইল তথা বাংলাদেশের গর্ব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram