

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে নৌবাহিনীতে কর্মরত এক যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিন নগর চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সেইলর হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান তার বন্ধু মামুন।
জানা যায়, বাড়ি থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ভোরে মোটরসাইকেল যোগে রওনা দেন দেলোয়ার। চট্টগ্রাম-হাটহাজারী ফোরলেন সড়কটির হাটহাজারী বড়দিঘীরপাড় অংশের ওই স্থানে ডিভাইডারের পাশে বাইকসহ তাকে পড়ে থাকতে দেখেন লোকজন। স্থানীয়রা তাকে সকাল ৮টার দিকে উদ্ধার করে হাটহাজারী পৌর সদরের আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দেলোয়ার হোসেন কিভাবে দুর্ঘটনায় পতিত হলেন, তা বিস্তারিত জানা যায়নি।
জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ্ বলেন, 'দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল প্রেরণ করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'

