

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন স্থানীয় জনতা। রবিবার দুপুর ১টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন ব্যারিস্টার ফুয়াদ। এসময় তিনি দাবী করেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।
তার বক্তব্যের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন। তিনি গণমাধ্যমে বলেছেন—স্থানীয়রা ও চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছে। এমন ভিত্তিহীন বক্তব্য আমরা প্রতিবাদ করেছি।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাফিল বলেন, ফুয়াদ সাহেব বলেছেন সেতুকে ঘিরে স্থানীয়রা চাঁদা চাইছে, অথচ ওই সেতুর টেন্ডারই এখনো হয়নি। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার জানতে চান—কে চাঁদা চেয়েছে? তখন ফুয়াদের লোকজন রাজন ভাইকে ধাক্কা দেয়। এ নিয়ে ধাক্কাধাক্কি ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ মিছিলও করেছে।
এ বিষয়ে জানতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

