

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদেই মৃত্যু হলো বাচ্চু মল্লিকের (৪৫)। রোববার সকালে সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে ঘটনাটি ঘটে।
সকালে নিজের সবজি ক্ষেত দেখতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি বাচ্চু মল্লিক। মাঠে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে পরিবার প্রথমে স্ট্রোক সন্দেহ করলেও কিছুক্ষণ পরই দেখা যায়, তার পায়ে জড়ানো আছে বিদ্যুতের তার। পাশের জমিতে প্রতিবেশী এক কৃষক ক্ষেতের ইঁদুর মারার উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন।
মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে নলছিটি থানার ওসি আব্দুস ছালাম।
