

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। আজ রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম দক্ষিণ) মোঃ তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় জেলা ডিবি (দক্ষিণ) এর ওসি মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ইব্রাহিমকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়–বিক্রয়ের নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার ইব্রাহিম চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন। অভিযানের সময় তাঁর সহযোগী ও এই চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যান। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে বলে জানান তিনি। গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।
