

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। রবিবার ভোর রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৪), আনু মিয়ার ছেলে মো. রবি (২৭) ও কাদির মিয়ার ছেলে মো. ইকবাল (৩০)।
থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৩ টায় পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহপুর গ্রামের মৃত মমতাজ বেপারীর ছেলে রিপন সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১টি রাম দা উদ্ধারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।”
