

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার রমনা ঘাট এলাকা থেকে আটক করা হয় তাদের।
জানা গেছে, শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে চিলমারী মডেল থানার এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রমনা ঘাট এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম (পিপিএম) বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় চিলমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

