

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার মতিন খানের উদ্যোগে উপজেলার মাছিমপুর খান বাড়ী জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
মতিন খান বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, হোমনা-তিতাস উপজেলার জনগণের চাহিদার প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন নিয়ে নতুন করে ভাববার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন তিতাস ও হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
এসময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা বেলাল হোসাইন।

