

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তারুণ্যনির্ভর নেতৃত্বগড়ে তোলার নেতৃত্বচাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৩৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড়টি বিশ্বরোড, বারোঘরিয়া, রাণীহাটি, সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে এসে সফলভাবে সমাপ্ত হয়।
উক্ত ম্যারাথনে ৬ হাজার ৫০০ জন তরুণ-যুবক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করলেও প্রায় ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী দৌড়ে যুক্ত হয়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় টিশার্ট প্রদান করা হয়।
শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শতাধিক প্রতিযোগী পুরো ৩৪ কিলোমিটার দৌড় সম্পন্ন করে দৃঢ় মনোবল ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজন করা হলেও এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। ম্যারাথন দৌড়ের টাইটেল দেওয়া হয় ‘ভিক্টর রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ’।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে এমন আয়োজন। দেশ পরিচালনার জন্য সবার আগে প্রয়োজন সুস্থ নেতৃত্ব।’

