ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

পরীক্ষায় বাধা ও কক্ষে তালা দিয়ে যান সমাবেশে, তালা ভেঙ্গে পরীক্ষা নেওয়ান অভিভাবকরা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বৃহস্পতিবারের শাটডাউন কর্মসূচিতে প্রাথমিকের তৃতীয় দিনের বার্ষিক পরীক্ষা নিতে পারেননি প্রধান শিক্ষকরা। সকালেই সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে পরীক্ষা নিতে কঠোরভাবে বাধা দেন। সকালের শিফটের (১ম ও ২য় শ্রেণি) পরীক্ষার্থীদের স্কুল ফটক থেকেই আন্দোলনকারী সহকারী শিক্ষকরা ফিরিয়ে দিয়ে কক্ষে তালা মেরে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করেন। উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাতেগোনা ২/৩ টি ব্যতিত বাকি সবগুলোতে পরীক্ষা নিতে দেয়নি সহকারী শিক্ষকরা।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার বিকেলের শিফটের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কক্ষে তালা দেখে বিক্ষুব্দ হয়ে উঠেন। অভিভাবকরা কক্ষের তালা ভেঙ্গে তাদের ছেলে-মেয়েকে ভেতরে প্রবেশ করেন। এসময় চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় ৬টি কক্ষে পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক বদর উদ্দিন।

সরেজমিনে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পুরবী রাণী সিংহ-সহ সহকারী শিক্ষকরা সকালের শিফটের পরীক্ষা দিতে আসা ১ম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হবে না জানিয়ে বিদায় দিচ্ছেন। এই স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৩০০ জন। সকাল সাড়ে দশটার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকরা স্কুল তালা দিয়ে উপজেলা চত্বরে সমাবেশে যাচ্ছেন।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন জানান, প্রাক্তন ছাত্র ও অফিস সহায়ককে নিয়ে মঙ্গলবার ও বুধবার পরীক্ষা নিয়েছেন। আজকেও (বৃহস্পতিবার) যেভাবে হউক পরীক্ষা নিতেন। কিন্তু সহকারী শিক্ষকরা পরীক্ষা নিতে কড়াভাবে বাধা দিয়েছেন এবং শিক্ষার্থীদেরও ফটক থেকে ফিরিয়ে দিয়ে তারা (সহকারী শিক্ষকরা) সমাবেশে চলে গেছেন।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন জানান, সহকারী শিক্ষকরা সকালের শিফটের পরীক্ষা নিতে দেননি। স্কুলের পরীক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ৩শ’ এবং সহকারী শিক্ষক ১২ জন। তারা পরীক্ষার হলে তালা দিয়ে সমাবেশে চলে যান। বিকেলের শিফটের পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা আসা শুরু করেছেন। পরীক্ষার হলগুলো তালা দেওয়া, কিভাবে পরীক্ষা নিবেন বলতেই শিক্ষার্থী ও অভিভাবকরা উত্তেজিত হয়ে উঠেন। তারা স্কুলে বিক্ষোভ করেন এবং তালা ভেঙ্গে বাচ্চাদের ভেতরে নিয়ে বসান। পরীক্ষা নিতে চাপ প্রয়োগ করেন। তিনি অফিস সহায়ক, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতায় ৬টি হলে পরীক্ষা নিয়েছেন।

এদিকে উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের তৃতীয় দিনের বার্ষিক পরীক্ষা নিতে বাধা দেন। পরীক্ষার হলে তালা দিয়ে তারা উপজেলা পরিষদের সম্মুখে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক নেতা মীর মুহিবুর রহমান, বড়লেখা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সঞ্জিত নাথ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত পাল, ইমদাদুল হক, আলমগীর হোসেন, সাহেরা বেগম প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) জোবায়ের আলম জানান, উপজেলার প্রায় প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারের বার্ষিক পরীক্ষা নিতে দেয়নি আন্দোলনকারী সহকারী শিক্ষকরা। প্রধান শিক্ষকদের নানাভাবে বাধা-বিঘ্ন, পরীক্ষার হলে তালা, পরীক্ষার্থীদের স্কুল গেট থেকে ফিরিয়ে দেওয়া এমনকি কিছু প্রধান শিক্ষককে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ পেয়েছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram