

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই বাংলাদেশি। গত রোববার রাতে ভারতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ মিলছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিও দুই বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন। ওই দুই বাংলাদেশি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।
স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান ইব্রাহিম আলী রিংকু ও মোমিন আলীসহ আরও কয়েকজন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়াকালে অন্যরা পালিয়ে দেশে ফিরলেও রিংকু ও মোমিন ভারতীয় ভূখণ্ডে থেকে যান। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
পাঁকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন, যারা নিখোঁজ রয়েছে তারা চোরাচালানের সঙ্গে জড়িত। যদিও এ ব্যাপারে ওই দুই বাংলাদেশির পরিবার থেকে কোন তথ্য দেয়া হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে দুই বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি শুনেছি। তবে, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা অস্বীকার করেছে।
