

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিশুদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা সাহায্যে কেন্দ্রের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনিক চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। পরবর্তীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
“প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরাম্বিত করি”- এ প্রতিপাদ্য বিষয়ের ওপরে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকুঞ্জি।
এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উপজেলা কো-অর্ডিনেটর রঞ্জন নিকোলার্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, মোরেলগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ সজিবসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের মাঝে ১টি হ্যান্ড সাইকেল, ড্রাই সাইকেল ১টি ও ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
