

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ সারাদেশের ন্যায় সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে ৩০ নভেম্বর ২ ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে।
আন্দোলনে নেতারা জানান, সমযোগ্যতা সম্পন্ন সকল ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ গ্রেডে বেতন ভাতাাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও, শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও ১১তম গ্রেডে বহাল রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাফতরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। দাবি মেনে নেয়া না হলে ৪ তারিখ থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে। তবে, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা। এই কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

