

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী আঞ্চলিক শাখা।
এ উপলক্ষে বুধবার দুপুরে রেলশ্রমিকরা কর্মবিরতি করে রাজবাড়ী রেলষ্ট্রেশনের ১নং প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আহবায়ক মোঃ শফিকুর রহমান ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি মোঃ সেকেন পাটাদার, বিআরইএল এর সেক্রেটারী মোঃ আনিসুর রহমান, ফরহাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ে রানিং র্স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ ইকবাল হোসেন ও মোঃ আসাদুজ্জামান।
বক্তারা আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রেল শ্রমিকদের পে স্কেলের দাবিতে সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।

