

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় শ্বশুর বাড়ির লোকজনের প্ররোচনায় পড়ে আফসানা আক্তার মিম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মিমের বাবা মো. লিটন ডেমরা থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন।
ঘটনাটি ঘটে গত গত ২৮ নভেম্বর দুপুরে ডেমরার রাজাখালি এলাকায় মীমের শ্বশুরবাড়ীতে। অভিযুক্তরা হলেন মীমের স্বামী সোহান (২৮), শাশুড়ী জরিনা (৫০), শ্বশুর মতিন মিয়া (৬৫) ও ননদ ফারজানা আক্তার (২৬)।
জানা যায়, প্রায় দুই বছর আগে মিমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সোহানের। তারপর থেকে সাংসারিক নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো মিমের। গত দুই মাস আগে হাসপাতালে সিজারের মাধ্যমে মিমের একটি ছেলে হয়। এদিকে মিমের পিত্রালয় থেকে সিজারের খরচ বাবদ প্রায় ৩০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। দাবিকৃত ওই টাকা পরিশোধ করতে না পারায় মেয়েটিকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এদিকে গত ২৮ নভেম্বর দুপুরে এলাকাবাসী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে বাদি লিটন জানতে পারেন শ্বশুরবাড়িতে বৈদ্যুতিক পাখায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তার মেয়ে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
