ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2025

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলা শহরে ঢাকা-আরিচা মহাসড়কে মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্মৃতিস্তম্ভটির অবস্থান।

সদর থানা-পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে তিন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ার জড়ো করেন তাঁরা। এরপর চাকার টায়ারে পেট্রোল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে।

আজ সোমবার সকাল আটটার দিকে সরেজমিন দেখা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি ধাতুর তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুকের অভিযোগ, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া পরিকল্পিত নাশকতা। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে আসছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে মানিকগঞ্জের পাঁচজন শহীদ হন। তাঁদের স্মৃতিকে ধরে রাখতে মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram