

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ার পানাইজুরি খালের পাড় থেকে আফসার উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রোববার সকালে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, পানাইজুরি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আফসার উদ্দিন শনিবার রাতে ওয়াজের মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। সকালে বাড়িসহ আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮টার দিকে খালের পাড়ে গেলে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে। খবর পেয়ে তাঁর স্ত্রী নাজমা বেগম লাশ শনাক্ত করেন।
নাজমা বেগম বলেন, সন্ধ্যার পর টিভি দেখে পান সেবন করে ওয়াজের মিটিংয়ে মোস্তফার বাড়িতে যাবে বলেছিল, কিন্তু আর ফেরেনি। আমার ধারণা, কেউ হয়তো শ্বাসরোধ করে হত্যা করে খালে ফেলে দিয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের সঙ্গে কারো শত্রুতার খবরও জানা যায়নি। তিনি আরও বলেন, আফসার উদ্দিন মিরকি রোগী ছিলেন এবং উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল। ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে বা স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
