

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা। এতে করে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। কৃষকদের দাবী, সারের জন্য প্রতিদিন ঘুরাচ্ছে ডিলাররা। সার থাকলেও বলে সার নাই।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে প্রায় ২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সার নিতে আসা কৃষকরা।
কৃষকরা জানান, হাতীবান্ধা উপজেলা একটি ভুট্টা প্রধান এলাকা। এই এলাকায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস হলো ভুট্টা। বর্তমানে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সারের অভাবে ভুট্টা, তামাক, ধান কোন কিছুই চাষ করতে পাচ্ছে না। সারের ডিলারদের কাছে গেলে বলে সার আসেনি। তাই সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞার আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষকরা।
এ বিষয়ে কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে ডিলার বলে সার নেই। তারা রাতের আধারে সার বিক্রি করে আর কৃষক যখন সার চায় তখন সার দেয়না। তাহলে আমরা আবাদ করবো কিভাবে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, কৃষকরা সারের জন্য সড়ক অবরোধ করে। পরে কৃষকদের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেয়।

