

জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনি।
গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।
শুক্রবার রাত আনুমানিক ১০ টায় সাহাপুর গ্রামের পশ্চিম পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আটকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি, সিসা কার্তুজ ৫ টি, দুটি রামদা, ১ টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া। এসময় তার ঘর থেকে ২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় তিতাস নিয়মিত মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন বলেন, আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে। তারই জেরে পরিকল্পিত ভাবে আমার বাসার বাহিরে বাথরুমের ছাদে এই গুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।

