

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে চকবাজার–হরিণাপাটি সড়কের প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকার গার্ডওয়াল ও ব্লক নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এ অনিয়মে জড়িত।
স্থানীয়রা জানান, প্রকল্পে ব্যবহৃত নির্মাণসামগ্রী মানসম্মত নয়, গার্ডওয়ালের ভিত্তি দুর্বল, কাজের মান ও অগ্রগতি—দুটিই প্রশ্নবিদ্ধ। এতে সরকারি অর্থে নির্মাণাধীন এই সড়ক ভবিষ্যতে টেকসই হবে কি না তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দেয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। তারা অভিযোগ করেন, প্রকল্পে যে অব্যবস্থাপনা চলছে তা 'মাত্র ভুল বা ত্রুটি নয়'—বরং সংশ্লিষ্টদের কার্যকর অবহেলা ও স্বার্থসংশ্লিষ্টতার ফল।'
সমাবেশে স্থানীয়রা প্রকল্পের নথিপত্র উন্মুক্ত করা, স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন—ডা. আরবের রহমান খোকন, শাহ আলম, মনির হোসেন, ডা. সাইফুল ইসলাম, শরাফত আলী, মো. জাকির হোসেন, সাজিদুল ইসলাম, হারুন অর রশীদ, লিটন আহমেদ, নুর হোসেন, মাস্টার সিকান্দার আহমেদ, ইমাম হোসেনসহ আরও অনেকে।
এলাকাবাসীর অভিযোগ—স্বচ্ছতা নিশ্চিত না হলে এই সড়ক দীর্ঘমেয়াদে টিকবে না বরং সরকারি অর্থের বড় ধরনের অপচয় ঘটবে।
বিষয়টি জানতে চাইলে উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ জানান, 'যদি নিম্নমানের কাজ হয়ে থাকে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে সংশোধন করা হবে।'
