

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবীতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দাবিগুলো হলো, ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এ বিষয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ মিরসরাই উপজেলার আহবায়ক সরোয়ার হোসেন বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সেসময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি।’
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ মিরসরাই উপজেলার সদস্য সচিব শেখ ফরিদ বলেন, ‘আমরা বেতন বৃদ্ধি নয়, তৃতীয় শ্রেণির কর্মচারীর অভিশাপ থেকে মুক্তির আন্দোলন করছি। আশা করি কর্তৃপক্ষ শিক্ষকদের পালস বুঝবেন।’
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ মিরসরাই উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের ১ তারিখ থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। আশা করি কর্তৃপক্ষ এর আগেই দাবী মেনে প্রজ্ঞাপন জারি করবেন।’
আরেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকের ডিজি, সচিব ও উপদেষ্টা সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে আন্তরিক হলেও অর্থমন্ত্রণালয় কোন কারণ ছাড়াই কালক্ষেপণ করছে। শিক্ষকরা এবার আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবে।’
