

সাজ্জাদুল তুহিন , মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তরী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন প্রমুখ।
এ বছর উপজেলা খাদ্য গুদামে মিলারদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ১৬৪ মেট্রিক টন ধান ও ৫০ টাকা কেজি দরে ১১৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান।
