

কেরানীগঞ্জ প্রতিনিধি: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্ডা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের শক্তিকে দমিয়ে রাখা যায় না। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে এই আন্দোলন শেষ পর্যন্ত চলবে। সতের বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। হাসিনা পালিয়েছে, কিন্তু জনগণ এখনো তাদের মৌলিক ভোটের অধিকার ফিরে পায়নি। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। তাই আগামী বছর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক হোসেন বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া। এছাড়া যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা পথসভায় অংশ নেন।
