

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে পরিবেশ দূষণ রোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার দাবিতে যুব নেতৃত্বাধীন জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভা গেটসংলগ্ন প্রাণ সায়ের খালের ধারে সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।
এ সময় বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেক্টর সুইট খান, সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক সাহানাজ পারভিন, প্রান্তিক যুব সংঘের সদস্য উর্মি খাতুন ও ইফতে জামিল, সবুজ পৃথিবী যুব সংঘের সভাপতি সিহাব সিদ্দিকীসহ বিভিন্ন নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের প্রতিনিধি এবং যুব সদস্যরা।
বক্তারা বলেন, অপরিকল্পিত ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে সাতক্ষীরা সদরের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিয়মিত বর্জ্য সংগ্রহ, ছড়িয়ে থাকা আবর্জনা এবং একটি কার্যকর ডাম্পিং স্টেশনের অভাবে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও বায়ুদূষণ বেড়ে চলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিশু, নারী ও প্রবীণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
তারা আরও জানান, সঠিক সমন্বয়হীনতা ও পরিকল্পনার অভাবে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণে পিছিয়ে আছে। ফলে পরিস্থিতি এখন জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল—দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্যগত ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুব ও কমিউনিটিকে কার্যকর বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির দাবি তোলায় উৎসাহিত করা এবং দ্রুত একটি নিরাপদ ও অনুমোদিত ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয় করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর মোহায়মিন প্রমুখ।
