

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যাপক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
সূতিপাড়া ও রুয়াইল এলাকার মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, থ্রিস্টার ব্রিকস, লায়ন ব্রিকস, দাদা ব্রিকস এবং এস এন ব্রিকস অ্যান্ড কোং—এই পাঁচটি ইটভাটায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি ৩ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
অপরদিকে কুল্লা ও রোয়াইল এলাকায় অবস্থিত মেসার্স মাহী ব্রিকস ও মেসার্স এবিসি ব্রিকস—এই দুই ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রোয়াইল এলাকার মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্লান্ট ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয় মোবাইল কোর্ট।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং এস এম মনজুর-উল-আলম।
অভিযানে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি বাহিনী, র্যাবের এক প্লাটুন, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
