

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় প্রায় তিন হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল।
বুধবার সকালে ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া–হালুয়াঘাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী প্রখ্যাত আলেম হাফেজ জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুস শহীদ আকন্দ, শাখাওয়াত হোসেন খান, যুবদল নেতা শহিদুল ইসলাম ফকির, আঃ হালিম মোল্লা, আল আমিন ফকির প্রমুখ।
চক্ষু ক্যাম্পে মোট ১,৭৪২ জনকে প্রাথমিক চক্ষু চিকিৎসা, ৪০০ জনকে চশমা প্রদান এবং ৬৫৬ জন ছানি রোগীকে শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করেছে ওমর ফাউন্ডেশন।
এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, “২০১২ সাল থেকে প্রতিবছর এই চক্ষু ক্যাম্পের আয়োজন করছি। দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এ পর্যন্ত লক্ষাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।”
