

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি'র সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শাহজান সাজু, সাধারণ সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে একযোগে ৬ জন নেতা পদত্যাগ করেছেন। বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের দলীয় কার্যক্রমে সামনের সারিতে এনে পুর্নবাসনের প্রতিবাদ করায় নেতাদের সাথে বিমাতাসুলভ আচরণের অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।
বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগকারীরা হলেন, সখীপুর উপজেলা বিএনপি’র সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শাহাজান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল বাসেত মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রউফ, ৮নম্বর বহুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার এবং উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম বাদল।
সোমবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫ জনের পদত্যাগের চিঠি ছড়িয়ে পড়ে। বেলা দুইটার দিকে উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু (অব্যাহতিপ্রাপ্ত) একই অভিযোগ এনে তিনিও পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের পক্ষে-বিপক্ষে বাড়তে থাকে যুক্তি-তর্ক। পদত্যাগের ইস্যুটি উপজেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু তার বিএনপি থেকে পদত্যাগ করে নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, সখীপুরে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খানের আওয়ামী পুর্নবাসন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ভাষায় কথা বলার প্রতিবাদ স্বরূপ আমি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু দলীয় সর্বপ্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করিলাম।
সদ্য পদত্যাগকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত মাস্টার বলেন, বিএনপির ক্ষতি করে, বিএনপির মঙ্গল চায় না, এমন সব দিয়ে এমন সব কাজ করতেছে যা বিএনপির জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত আপত্তিকর। কাজেই এই লোকের সাথে আমরা রাজনীতি করতে নারাজ।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ তার ফেসবুকে যে পোস্টটি করেছেন তা হুবুহু তুলে ধরা হলো: “সবিনয়ে সকল ফেসবুকার ও সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে নিরব প্রতিবাদ হচ্ছে তা অনেকের চিন্তার বাইরে। মোটেও ভাববার কারণ নাই যে আমরা শুধু ৪ জন। ভালো থাকুন দেখতে থাকুন”।
এ বিষয়ে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মাস্টার বলেন, কারো পদত্যাগের কোনো চিঠি এখনো আমি পাইনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেন, আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জনগণ এবার ঐক্যবদ্ধ আছে। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।
