

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুমাইয়ার বিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করে।
জানা যায়, সোমবার বেলা ১২ টার দিক জেলার শিবচর উপজেলার উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে চান্দেরচর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দেরচর বাজার থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর তার লোকজন নিয়ে বাড়িতে এসে সুমাইয়াকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে সুমাইয়া আত্মহত্যা করে। আমরা সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই।
উল্লেখ্য, গত বুধবার রাতে প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে রিফাত উকিল, ইব্রাহিম মাদবর, নয়ন ও রিফাত মাদবর সুমাইয়ার বাড়িতে যায়। সেখানে তারা সুমাইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া পরে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
