

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবৈধ ভেজাল সার ও কীটনাশক তৈরি ও বাজারজাত করার অভিযোগে দাউদ মোল্লা (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের কবির মোল্লার ছেলে মোঃ দাউদ মোল্লা (৩৫) কে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগাট দাখিল মাদ্রাসার পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন একটি বসত বাড়িতে দাউদ মোল্লা বিভিন্ন পরিচিত কোম্পানির লোগো ও প্যাকেট ব্যবহার করে নকল সার ও কীটনাশক প্রস্তুত এবং বাজারজাত করছেন। গ্রাম পুলিশকে সোর্স হিসেবে ব্যবহার করে সোমবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় দাউদ মোল্লাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় সাহা সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।
