

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সরল কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে ছিল—উপজেলা পরিষদের অভ্যন্তরে ইউনি ব্লক রাস্তা নির্মাণ, সেবাপ্রার্থীদের জন্য নবনির্মিত আধুনিক ওয়েটিং রুম এবং উপজেলা পরিষদের কনফারেন্স রুমের সংস্কার ও আধুনিকায়নের কাজ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিষদে আগত সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা আরও স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ ও প্রদান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়, সেবার মানোন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। উজিরপুরের মানুষের সেবায় এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকসহ ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার গণমাধ্যকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উন্নয়ন প্রকল্পগুলোর পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। উপজেলা পরিষদ চত্বরে জনগণের চলাচল, সেবাপ্রাপ্তির পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এসব প্রকল্প দীর্ঘদিন ধরেই প্রয়োজন ছিল বলে জানান তিনি।
উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সদা সতর্ক থাকার পরামর্শ দেন।
জেলা প্রশাসকের এ সফর ও উদ্বোধনী কার্যক্রমকে ঘিরে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক আধুনিকায়ন উজিরপুরের নাগরিক সেবায় নতুন মাত্রা যোগ করবে।
