

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রেলগেটে ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরশহরের রেলগেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পোস্ট অফিস মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ) ট্রেনটি ঈশ্বরদী ইন্টারলিংক রেলগেট অতিক্রম করছিল। এ সময় জাহাঙ্গীর আলম রেললাইন দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে শরীর থেকে মাথা ও বাঁ পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রেলগেটের দায়িত্বে থাকা গেটকিপার মো. ফাহিম হোসেন জানান, রেললাইন দিয়ে হাঁটতে দেখে তারা জাহাঙ্গীরকে বেশ কয়েকবার সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কোনো সতর্কতা না শুনে এগিয়ে গেলে দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মো. সাহিত্য বলেন, ঘটনার কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
