

মো: হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শীতলক্ষ্যা নদীর ওপর অবস্থিত ডেমরা সেতুর অ্যাক্সপানশন জয়েন্ট রাবারসহ সার্বিক সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটিতে সকল প্রকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করে।
আগামী ২৬ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষণ ও পরীক্ষা–নিরীক্ষার ভিত্তিতে চিহ্নিত সব ক্ষতিগ্রস্ত অংশের মেরামত সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ সম্পন্ন হলে অন্তত ৩০টি রুটে প্রতিদিন চলাচলকারী পরিবহনচালক ও যাত্রীরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সরেজমিন দেখা গেছে, সওজ–এর প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত রাবার পুনঃস্থাপন, জয়েন্টের নাট–বোল্ট পরিবর্তন, কংক্রিট ঢালাই শক্তিশালী করা এবং সেতুর বাতিগুলো মেরামতের কাজ শুরু করেছেন। সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন করে প্রকৌশল বিধি অনুসারে সংস্কার কাজ বাস্তবায়ন হচ্ছে।
দীর্ঘদিন ধরে সেতুর মুভমেন্ট বা অ্যাক্সপানশন জয়েন্টগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ২৪টি জয়েন্টের মধ্যে অন্তত ১২টির অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক জায়গায় রাবার সিল উঠে গিয়ে সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নাট–বোল্ট বেরিয়ে পড়েছে বা খুলে গেছে এবং কংক্রিট ঢালাই ক্ষয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার ফাঁক এতটাই বেশি হয়েছে যে নিচে প্রবাহিত নদীর পানি পর্যন্ত দেখা যাচ্ছিল। এসব ক্ষতিগ্রস্ত অংশে যানবাহনের চাকা আটকে গিয়ে গাড়ি লাফিয়ে উঠত, ফলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতেন। অন্যদিকে সেতুর সব বাতি নষ্ট থাকায় সন্ধ্যার পর সেতুটি ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল।
স্থানীয় বাসিন্দা মাহবুব মনি বলেন, অনেক প্রতীক্ষার পর সেতুর সংস্কার শুরু হওয়ায় আমরা খুব খুশি। আশা করি সব সমস্যার স্থায়ী সমাধান হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাতি নষ্ট থাকায় রাতের বেলায় ছিনতাইয়ের শিকার হতে হতো, আবার ভাঙা জয়েন্টের কারণে প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন সংস্কার শেষে সেতুটি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও টেকসই হবে। সাময়িক দুর্ভোগ থাকলেও এই মেরামত ভবিষ্যতের স্থায়ী স্বস্তির পথ খুলে দেবে বলেও তারা মনে করছেন।
সংস্কার কাজের সুপারভাইজার আব্দুল কাদের জানান, চলাচলে সাময়িক দুর্ভোগ কিছুটা বাড়লেও কাজ শেষ হলে যাত্রীরা ডেমরা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, সেতুর অ্যাক্সপানশন জয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো, যা তাপমাত্রা পরিবর্তন, কম্পন, যানবাহনের চাপসহ বিভিন্ন গতিবিধি সামাল দিয়ে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা বজায় রাখে। তাই প্রকৌশল বিধি মেনে মডুলার মাল্টিপল-গ্যাপ এক্সপানশন জয়েন্ট পুনঃস্থাপন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে সেতুর ভারবহন কাঠামো প্রতিস্থাপন করলেও সেতু ভাঙতে না হয়।
