

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পাথর, বালি ও ইটভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। এরমধ্যে রয়েছে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ যানবাহন জব্দ করেছে। যার সিজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে সিলেট ও সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য গোপনভাবে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে।
ওই সংবাদের প্রেক্ষিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল মাধবপুর উপজেলার চুনারুঘাট-সাতছড়ি রোডে সীমান্ত হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে তেলিয়াপাড়া নামক এলাকায় তল্লাশী পোষ্টের মাধ্যমে একাধিক অভিযান পরিচালনা করে।
এক পর্যায়ে সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে ট্রাকে ভর্তি পাথর, বালি, ইটের টুকরোর ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় চোরাচালানী ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ যানবাহন জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন. বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।
তিনি বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
