

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে। গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানা চত্বর থেকে থানার বাবুর্চি আমিরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
লালপুর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারঘাটের টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জসিমকে আটক করে লালপুর থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। চুরির এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
