

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ই ডিসেম্বর এর মধ্যে বৈষম্য নিরসন পূর্বক পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রেল কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানা (কেলোকা) এর সামনে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পার্বতীপুর-সৈয়দপুর সড়কে বিক্ষোভ মিছিল শুরু করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন অভিমুখে যাত্রা করে। বেলা পৌনে ১টায় স্টেশন চত্বরে রেলওয়ে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এক নম্বর প্লাটফর্মে জড়ো হয়ে বিভিন্ন প্লাটফর্ম প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে স্টেশন চত্বরে মিছিলটি পথসভায় রূপ নেয়।
এ পথ সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমরা মাথার ঘাম পায়ে ফেলে রেলওয়েকে সচল করেছি, আমাদের পরিশ্রমের মূল্য আমরা পাইনা। তাই আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা না দিলে সারাদেশে রেল অঙ্গনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ওপেন লাইন, ডিজেল শাখা, কেন্দ্রীয় লোকোমেটিক কারখানা ও লোকোসেডের কর্মচারী ও নেতৃবৃন্দরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় ফজলুর রহমান, ডিজেল শাখার সভাপতি নুর আলম, ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা, শাখা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সাঈদ, রফিকুল ইসলাম মিশু ও জীবনসহ প্রমুখ।
