ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

সাতক্ষীরায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে এই বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণ ও বহিরাগত মনোনয়ন প্রত্যাশীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ এনে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে কেন্দ্রীয় যুবদল জানায়, সাংগঠনিক দায়িত্ব পালনকালে উপজেলা যুবদলের নাম ও অবস্থান ব্যবহার করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় নীতিমালা ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তৃণমূল কাঠামো বিভ্রান্তির মুখে পড়েছে।

অভিযোগের তালিকায় রয়েছেন- কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ।

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নিকট সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে “গ্রহণযোগ্য জবাব” দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবমাননাকর আচরণ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও তদন্তাধীন রয়েছে। দলের কঠিন সময়েও নেতৃবৃন্দের এমন আচরণ সংগঠনবিরোধী এবং আন্দোলন সংগ্রামে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নোটিশে এমন মন্তব্যও করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram