

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটির নাম মরিয়ম খাতুন। সে উপজেলার সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামের মাইনুর রহমানের কন্যা। মঙ্গলবার দুপুর বারোটায় শিশুটির নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশুটির পিতা জানান, “নতুন করে বাড়ি-ঘর নির্মাণের জন্যে পুরোনো ঘরের বিদ্যুতের তার সব খুলে বাড়ির উঠানে জড়ো করে রাখা ছিলো। দুপুর বারোটায় সবার অগোচরে খেলতে খেলতে সে খোলা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে দ্রুত উদ্ধার করে বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সবকিছু দেখে শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে। বিকেলে পরিবারের লোকজন শিশুটিকে দাফন করে।”
