ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২২
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে আজ রোববার সকালে রেলপথ অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। পরে দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলামের সমর্থকদের দ্বারা প্রতিপক্ষ আবু তাহের খোকনের রেলস্টেশন সংলগ্ন একটি ব্যক্তিগত অফিস ভাংচুরের অভিযোগ ওঠে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাচোল রেলস্টেশনে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিলে রাজশাহী থেকে আসা রহনপুরগামী লোকাল কমিউটার ট্রেনটি স্টেশনে এসে পৌঁছালে তা আটকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেনটি যথাসময়েই ছেড়ে যায়, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অবরোধকারীরা অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বিতর্কিত সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া এবং নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগও তোলা হয়। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে তারা কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জানান, সকালে শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা চলে যায়। পরে দুপুরে আমিনুল ইসলামের লোকজন আমার রেলস্টেশন সংলগ্ন অফিসের চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে এবং ব্যানার ছিড়ে ফেলে।

এদিকে, নাচোল থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি আরও বলেন, রেললাইনের একপাশে বিক্ষোভ হওয়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেন ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram