ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৫
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতাকর্মীরা।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

একই সময়ে টঙ্গী কলেজ গেট, এশিয়া পাম্প ও গাজীপুরা এলাকাতেও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। স্টেশন রোড এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।

এছাড়া টঙ্গী কলেজ গেট এলাকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন ভাট ও টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, টঙ্গী, গাছা ও পুবাইলের একাংশ নিয়ে গাজীপুর-৬ আসন গঠিত হয়েছিল। আদালতের নির্দেশে আসনটি বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আমরা এই আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।

তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবিও জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram